ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারীভ শিক্ষকদের চলমান আন্দোলন ঘিরে বার্ষিক পরীক্ষা শুরুর মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ৩য় ও ৪র্থ শ্রেণির পরীক্ষা নিতে প্রস্তুতি নিচ্ছিলেন প্রধান শিক্ষক, আর পরীক্ষার্থীরাও স্কুলে উপস্থিত হয়েছিল প্রায় এক-তৃতীয়াংশ। ঠিক সেই সময় সহকারী শিক্ষকরা পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।
অভিভাবক ও স্থানীয়দের মত অনুযায়ী, সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ না নেওয়ার আহ্বান জানালে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে নেমে আসে এবং এক পর্যায়ে বিক্ষোভ শুরু করে। তারা দাবি তোলে—নিজেদের নিয়মিত শিক্ষকদের ছাড়া পরীক্ষা দেবে না। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও শিক্ষার্থীরা তাদের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে।
প্রধান শিক্ষক পরিস্থিতি সামাল দিতে উপজেলা শিক্ষা অফিসে ফোন করেন। পরে শিক্ষা কর্মকর্তা ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা শুরু করা সম্ভব হয়। অন্যদিকে শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী জানান, তার বিদ্যালয়েও কিছু আন্দোলনরত শিক্ষক পরীক্ষা বন্ধ করতে গেলে তিনি তা প্রতিহত করেছেন।
পথচারীদের বর্ণনা থেকে জানা যায়, শিক্ষার্থীদের বিক্ষোভের সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ২০–২৫ জন শিক্ষক এসে স্কুলে ঢোকেন এবং মোবাইলে পুরো পরিস্থিতি ধারণ করতে থাকেন। তারা শিক্ষার্থীদের আরও উসকে দেওয়ার চেষ্টা করছিল বলেও অভিযোগ ওঠে।
এ অবস্থায় বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও খাদিজা বেগম দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হন। তিনি বহিরাগত শিক্ষকদের জিজ্ঞেস করলে তারা জানান—নিজেদের আন্দোলনের দাবির অংশ হিসেবে পরীক্ষা বন্ধের অবস্থান থেকে তারা এখানে এসেছেন এবং এ বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার খবর পেয়ে উপস্থিত হয়েছেন।
ঘটনার পর ইউএনও খাদিজা বেগম স্পষ্টভাবে জানান, পরীক্ষার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিঘ্ন সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
NEWS Editor